গাজীপুর কারাগারে টাকার বিনিময়ে অন্যের হয়ে সাজা ভোগ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:০৪ এএম
গাজীপুর কারাগারে টাকার বিনিময়ে অন্যের হয়ে সাজা ভোগ

গাজীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে প্রবেশ করা এক ব্যক্তি প্রকৃতপক্ষে অন্যের পরিচয়ে সাজা ভোগ করছিলেন। পরে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। সোমবার ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

কারা সূত্র জানায়, হাজতি নম্বর ১৮১০/২৬ মো. রাজিব (২৬), পিতা মো. রজব আলী চৌকদার, সাং আড়িয়া, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ-টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে প্রবেশ করেন। পরবর্তীতে গত ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। সেখানে অনলাইন ডাটাবেজে তথ্য হালনাগাদের সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে পরিচয়ে বড় ধরনের গড়মিল ধরা পড়ে।

কারাগারের অনলাইন সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে দেখা যায়, ওই হাজতির প্রকৃত নাম মো. আজিজুল হক। তার পিতা বাচ্চু মিয়া, সাং কুড়িমারা, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ। এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে, টাকার বিনিময়ে তিনি মো. রাজিবের পরিবর্তে সাজা ভোগ করতে কারাগারে এসেছিলেন। এটি একটি পরিকল্পিত ‘আয়নাবাজি’র ঘটনা। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!