অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক বিএসবিআরএর


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ১১:১৫ এএম
অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক বিএসবিআরএর

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় না জানিয়ে অভিযান পরিচালনায় ধর্মঘটের ডাক দিয়েছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু করে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম। 

মঙ্গলবার (৯ নভেম্বর) অভিযানে ভ্যাট ফাঁকির অভিযোগে চারটি জাহাজভাঙা কারখানার নথি ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, “আমরা সবধরনের অগ্রিম ভ্যাট-ট্যাক্স দিয়ে থাকি। এছাড়া আমাদেরকে ডাকলেও আমরা যাই। কিন্তু আমাদেরকে না জানিয়ে সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় এসে অভিযান অনেকেই মানতে পারেনি। তাই মালিকপক্ষ আজ থেকে ধর্মঘট পালন করছেন।

পূর্ব ঘোষণা কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে চারটি কারখানায় একযোগে অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত তিনটি দল বলে তিনি জানান।

বিএসবিআরএর সহকারী সচিব আরও বলেন, “এ ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ডে সব কটি জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিএসবিআরএ। ফলে বুধবার থেকে কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।” 

Link copied!