কার্লো আনচেলত্তি

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:১৯ এএম
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই এ কথা ভালোভাবেই জানা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।


অতিরিক্ত সময় থেকে শুরু করে পেনাল্টি শুটআউটের মতো সব ধরনের কঠিন পরিস্থিতির জন্যই নিজের দলকে প্রস্তুত রেখেছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়, পেনাল্টি—সবকিছুর জন্য আমরা প্রস্তুত।


এই ধরনের ম্যাচে শুধু পা নয় সঙ্গে মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের ম্যাচ। হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই।’
তবে দলের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।


হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে একসঙ্গেই পেয়েছেন আনচেলত্তি। তবে শুরুর একাদশ নিয়ে সংবাদ সম্মেলনে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলই জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে—এমন গুঞ্জন ফুটবলপাড়ায় ভাসলেও বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন ব্রাজিল কোচ।

এ প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে।


তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’
ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় এবং ইতিবাচক খবর এসেছে দলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি মোটেও সুখকর নয় সেলেসাওদের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক দৃষ্টিকটু ভুলেই মূলত সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের।

এবার সেই হতাশার স্মৃতি পেছনে ফেলে, অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে নকআউট পর্বে দাপুটে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

Link copied!