এজবাস্টনে অ্যাশেজ টেস্টের প্রথম তিন দিনেই ইংল্যান্ড ও `বাজবল` নিয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্বে মুগ্ধ।
আইসিসির সাথে কথা বলতে গিয়ে পন্টিং বলেছেন, “ওদের সাথে তাল মিলিয়ে চলা কঠিন। সে প্রায় প্রতিটি বলেই পরিবর্তন আনছে, যা দুর্দান্ত। সে দারুণ অধিনায়ক। সে সবসময় খেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। স্টোকস সম্ভবত খেলার গতি পরিবর্তন করতে পারে এমন যে কোনো উপায় খুঁজছে।”
পন্টিং আরও বলেন, "আপনি প্রতিদিন এমন (আগ্রাসী) মনোভাব দেখেন না। যা হতে চলেছে তা একটি চিহ্ন। বর্তমান ইংল্যান্ড দলের মনোভাবের এই পরিবর্তনেরও একটি চিহ্ন।”
তিনি আরও যোগ করেন, “চারপাশে অনেক কথা ছিল, `বাজবল` কি ঠিকঠাক কাজ করবে? তারা কি অস্ট্রেলিয়ানদের বিপক্ষে সেভাবে খেলতে যথেষ্ট সাহসী হবে? আমি মনে করি এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে।"
ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস বার্মিংহামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সময় সব ধরণের পরীক্ষামূলক ফিল্ড প্লেসিং এবং বোলিং কৌশলের চেষ্টা করেছিলেন। উসমান খাজাকে আউট করার চেষ্টা করার জন্য কত বোলিং এবং কৌশলগত পরিবর্তন করেছেন স্টোকস- সেটা দেখে অবাক হয়েছেন পন্টিং। শেষ পর্যন্ত তাদের কৌশল কাজে লেগেছে।































