পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পাকিস্তানী রেঞ্জার্সদের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ইমরানের গ্রেফতারে ফুঁসে উঠেছে পুরো পাকিস্তান। প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে মানুষ। নানান স্থানে প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তানবাসী, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইমরানের উত্তরসূরীরাই বা বাদ যাবেন কেন?
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনূস ও শোয়েব আকতার ইমরানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
এক টুইটার বার্তায় ওয়াসিম আকরাম ইমরানকে উদ্দেশ্য করে বলেন, "আপনি একজন মাত্র মানুষ, কিন্তু আপনার শক্তির জায়গা লাখ লাখ ছাড়িয়ে। আপনি শক্তিশালী অধিনায়ক হয়েই থাকুন। আপনার পাশে আছি অধিনায়ক।"
ওয়াকার ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের পক্ষে থাকার কথা জানান।
ওয়াকার টুইটারে পোস্টের মাধ্যমে জানান, "ঠিক আপনার পেছনে য়াছি অধিনায়ক। অন্যায় শেষ হলে স্বাধীনতার জন্ম দেয়। আপনি আরও শক্তিশালী হয়ে উঠুন। আসুন আমাদের নেতা ও স্বাধীনতা রক্ষা করি।"
শোয়েব বলেছেন, "আমাদের দেশের হিরোর সঙ্গে এটা হচ্ছে দেখতে ভালো লাগছে না। ইমরান খানকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে! তার এখন শারীরিক অবস্থা এবং দেশের জন্য তার ত্যাগ দেখে তাকে ছাড় দেওয়া উচিত ছিল। আমরা কোনদিকে যাচ্ছি? আমাদের দেশের হিরোকে সম্মান দেওয়া উচিত।"
ইমরান খানকে গ্রেফতারের একটা ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সাবেক অধিনায়ককে একপ্রকার টেনে নিয়ে যাওয়া হচ্ছে।






































