কাতার বিশ্বকাপে পর্তুগাল ও সুইজারল্যান্ডের ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পর্তুগাল এবং সুইজারল্যান্ড ইতিমধ্যেই এই বছর নেশন্স লিগে দু`বার একে অপরের মুখোমুখি হয়েছিল। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুনের শুরুতে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল। কিন্তু মাত্র এক সপ্তাহ পরে সুইসরা প্রথম মিনিটে গোল করে এবং রক্ষণাত্মক কৌশলে পর্তুগালকে ১-০ গোলের ব্যবধানে হারায়। পর্তুগাল শেষ ষোলোতে ফেবারিট হিসেবে খেললেও সুইজারল্যান্ড তাদের হারানোর ক্ষমতা রাখে।
পর্তুগাল তাদের গ্রুপের শীর্ষে আছে। তিন ম্যাচে ছয় গোল পেয়েছে। নাটকীয়ভাবে সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড তাদের শেষ ম্যাচে ৩-২ গোলে হেরে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে।
পর্তুগালের এখনো বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও তার বয়স ৩৭ বছর তবে এখনও তিনি প্রতিপক্ষের জন্য বড় বাধা। রোনালদো ঘানার বিপক্ষে পর্তুগালের হয়ে প্রথম গোল পেয়েছেন।
সুইজারল্যান্ডের ভরসার জায়গা সাবেক লিভারপুল উইঙ্গার জেরদান শাকিরি। এই টুর্নামেন্টে তিনি প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলছেন। এছাড়া আছেন ফরোয়ার্ড ব্রিল এম্বোলো, যিনি এরইমধ্যে দুই গোল করেছেন।
এর আগে দুই দল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। পর্তুগাল তিনটি এবং সুইজারল্যান্ড দুই ম্যাচ জিতেছে।
এই ম্যাচের বিজয়ী দল মরক্কো-স্পেন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।





















