আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপের আসর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার সুইস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কাতারকে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটা ‘ভুল’ সিদ্ধান্ত ছিল।
ব্লাটার ফিফার বিতর্কিত সভাপতি ছিলেন। অবশেষে তিনি স্বীকার করেছেন, এশিয়ান দেশকে গ্রীষ্মকালীন টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়াটা একটি দুর্বল সিদ্ধান্ত ছিল।
গ্রীষ্মে এখানে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার রেকর্ড আছে। এই তাপমাত্রা খেলোয়াড় এবং সমর্থক উভয়ের জন্য ভয়ংকর পরিস্থিতির তৈরি করবে। এর পাশাপাশি, দেশটির সমকামিতা ইস্যুতে অবস্থান নিয়েও সমালোচনা চলছে।
এখানেই শেষ নয়। কাতারের প্রতি অভিযোগ, তারা মানবাধিকার লঙ্খন করেছে। এখানে কাজের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। দেশটির অভিবাসী শ্রমিকদের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অভিযোগ আছে, বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সাড়ে ছয় হাজারের বেশি শ্রমিকের মৃত্যু ঘটেছে। দেশটি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার পর প্রায় ১,২০০ অভিবাসী শ্রমিক মারা গেছে। শ্রমিকদের সাথে এতটাই বাজে আচরণ করা হয় তাকে "আধুনিক দাসত্ব" বললেও ভুল বলা হবে না।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশকে টপকে ২০১০ সালের ডিসেম্বরে বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক হিসেবে নির্বাচিত হয় কাতার। তখন থেকেই নানানভাবে সমালোচনার শিকার আয়োজক দেশটি।





























