টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলছেন দীনেশ কার্তিক। রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পিঠের চোটে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। তাতেই বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভারে ব্যথায় কাতর হয়ে পড়েন দীনেশ কার্তিক। ফিজিওর প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলে উইকেটের পিছনে দাঁড়ান ঋষভ পান্থ।
ম্যাচ শেষে ভুবনেশ্বর কুমার জানান, ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছেন তারা। এরপরেই কার্তিকের চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তবে চোটের ধরনে কার্তিকের দল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেমি-ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ।
কার্তিক মাঠে নামতে না পারলে বদলি হিসেবে নামবেন ঋষভ পান্থ। টুর্নামেন্টে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি ৩৭ বছর বয়সী কার্তিক। উইকেটের পিছনে এখন পর্যন্ত চার ক্যাচ ধরার পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৬ রান।
























