বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচিত দলের অধিনায়ক সাকিব। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়াতে গিয়েও সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব টিম ম্যানেজমেন্টের সম্মতি ছাড়াই সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ায় আবারও খবরের শিরোনাম হয়েছেন। মঙ্গলবার হোবার্ট থেকে সিডনিতে আসে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল গত কাল বৃহস্পতিবার। তার আগে বাংলাদেশ দলকে সংবর্ধনার আয়োজন করে সিডনিপ্রবাসী বাংলাদেশিরা।
তবে টিম ম্যানেজমেন্ট এই অনুষ্ঠান আয়োজন করতে মানা করে এবং দলের সঙ্গে যেতে অনীহা প্রকাশ করেছিল। তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেও তাসকিন আহমেদকে সঙ্গে সাকিব অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিসিবির নিষেধ সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল দলের আচরণবিধি লঙ্ঘন।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তারা সাকিবকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝামাঝি সময়ে অনুষ্ঠানে যোগ দিতে মানা করেছিলেন। কিন্তু তিনি তাদের কথা শোনেননি।
জানা গেছে, টিম ম্যানেজমেন্ট বা বিসিবি কর্মকর্তারা কেউই এ বিষয়ে সাকিবের আচরণে খুশি হতে পারেননি। তবে বিশ্বকাপ যেহেতু চলমান, তাই আপাতত বিষয়টি নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিকদের জালাল বলেন, “বিসিবি বিষয়টি তদারকি করবে। তবে বিশ্বকাপের টুর্নামেন্ট চলায় আমরা তাকে আপাতত কোনো কারণ দর্শানোর নোটিশ দেব না।"
জানা গেছে সাকিব সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৫ হাজার মার্কিন ডলার নিয়েছেন। যেখানে তিনি ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন এবং তাদের অটোগ্রাফও দিয়েছেন। তবে তাসকিনের পারিশ্রমিক জানা যায়নি।




































