টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। শুরতে ফিন অ্যালেনের ঝড়ে দুর্দান্ত শুরু পেয়েছে কিউইরা। পরে সেই ঝড়ের গতি কমলেও সেটা বয়ে নিয়ে গিয়েছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে।
ইনিংসের শুরুতেই ফিন ঝড়ে কিছুটা আড়ালেই ছিলেন কনওয়ে। তবে ফিন ফেরার পর নিউজিল্যান্ডের পুরো ইনিংসকে একাই এগিয়ে নিওয়েছেন তিনি। তার দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩উইকেট হারিয়ে ২০০ রানের বড় সংগ্রহ পেয়েছে কিউইরা।
সিডনি ক্রিকেট মাঠে শনিবার (২২ অক্টোবর) টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে টর্নেডো শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অজি পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যোগ হয় ১৪ রান।
জশ হ্যাজলউডের করা দ্বিতীয় ওভারেও আক্রমণ চালিয়েছেন তারা। এই ডানহাতি পেসারের ওভার থেকে আসে আরও ১৫ রান। তৃতীয় ওভার করতে প্যাট কামিন্সের ওভার থেকে ফিন ও কনওয়ে তোলেন আরও ১৮ রান। তিন ওভারে ৪৭ রান তুলে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড।
ইনিংসের চতুর্থ ওভারেই বরং কম ঝড় হয়েছে! মার্কাস স্টয়নিসের করা ওভার থেকে এসেছে মাত্র ১০ রান! ব্যাট হাতে অজি বোলারদের উপর সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছেন ফিন অ্যালেন।
ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে দলীয় ৫৬ রানে তাকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করে অজি শিবিরে স্বস্তি আনেন হ্যাজলউড। যাওয়ার আগে ১৬ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস খেলেন অ্যালেন।
ফিন ফেরার পরই যেন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ঝড় থেমে আসে। পাওয়ার প্লের শেষ তিন ওভারে স্কোরবোর্ডে জমা হয় মাত্র ১৮ রান! তবে প্রথম তিন ওভারে ঝড়ে পাওয়ার প্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৬৫ রান তোলে নিউজিল্যান্ড।
এরপর আস্তে আস্তে রান তোলার গতি কমে আসে। অধিনায়ক উইলিয়ামসনের ২৩ বলে ২৩ রানের শ্লথ গতির ইনিংস শেষ হয় ১৩তম ওভারে। অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
ওপেনিংয়ে নেমে এক প্রান্তে যেমন উইকেট ধরে রেখেছনে তেমনি প্রয়োজন অনুযায়ী বাউন্ডারিও হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। চার নম্বরে নেমে এদিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি গ্লেন ফিলিপস।
তবে একপ্রান্ত আগলে রেখে নিউজিল্যান্ডের ইনিংস গড়েছেন কনওয়ে। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তার। ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কনওয়ে। যেখানে ছিল সাত চার ও দুই ছক্কা।
এর সাথে শেষদিকে জিমি নিশামের ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে অস্ট্রেলিয়াকে ২০১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
























