ভারতের হয়ে খেলার ইচ্ছা ছিল চুনদাঙ্গাপোয়িল রিজওয়ানের। কিন্তু সে স্বপ্ন যখন পূরণ হয়নি, তিনি পাড়ি জমান আরব আমিরাতে। তিনি এখন সংযুক্ত আরব আমিরাত দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
আরব আমিরাত টি-টোয়েটি ফরম্যাটে বেশ উন্নতি করলেও টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার তেমন সুযোগ ঘটে না। তবে এবার বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলার সুযোগ পেয়েছে আরব আমিরাত। প্রথম ম্যাচে গত কাল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও ৭ রানে হেরে যায় আরব আমিরাত।
৩৪ বছর বয়সী আমিরাত অধিনায়ক রিজওয়ান চান, বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যেন আরও ম্যাচের আয়োজন করা হয়। এতে নিজেদের সামর্থ্য পরীক্ষার আরও সুযোগ পাবেন তারা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর রিজওয়ান বলেন, ‘আমরা আমাদের পারফর্ম্যান্স নিয়ে খুশি। ম্যাচে আমাদের দাপট ছিল। তবে ছোট ছোট বিষয় আমাদের সাথে তাদের পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে মানসম্মত দেশের বিপক্ষে এমন ম্যাচের আয়োজন হলে আমরা আরও উন্নতি করতে পারব। আশা করি দ্বিতীয় ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াতে পারব।’



































