মেসির সেই স্মৃতি এখনো গায়ে কাঁটা দেয় স্কালোনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১১:১৯ এএম
মেসির সেই স্মৃতি এখনো গায়ে কাঁটা দেয় স্কালোনির

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার সেরা অস্ত্র লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ডকে কোনোভাবেই সহজ করে দেখছেন না এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসির উচ্ছসিত প্রশংসায় স্কালোনি বলেন, ‘মেসি যখনই বুঝতে পারে যে, প্রতিপক্ষের বক্সে বিপদ তৈরি করা সম্ভব, তখনই সে এক মেশিনে পরিণত হয়। মাঠে সে খেলাটাকে যেভাবে বোঝে, তা অবিশ্বাস্য। যতদিন খেলার ক্ষুধা থাকবে, সে-ই বিশ্বের সেরা থাকবে। বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে মেসি কেমন খেলত, তা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়।’ 

রবিবার সকালের ম্যাচে মিসরকে হারানো একাদশটিই ধরে রাখার বড় ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। দলের কৌশলগত পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আমি আগেও বেশ কয়েকবার একই একাদশ খেলিয়েছি। এবারও তা করলে মোটেও অবাস্তব কিছু হবে না। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের অন্তর্ভুক্তি আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নতুন ভূমিকা আমাদের বল পজিশন ও আক্রমণভাগে দারুণ ভারসাম্য এনে দিয়েছে।’

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়াকে বিদায় করে দেওয়া সুইসদের শারীরিক ফুটবল ও অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়। সুইজারল্যান্ড বড় দলগুলোর বিপক্ষে লড়তে অভ্যস্ত এবং তাদের ঐতিহ্য দারুণ। তারা কলম্বিয়ার মতো পরাশক্তিকে হারিয়েই এখানে এসেছে।’

Link copied!