আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি : স্কালোনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:৪১ এএম
আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি : স্কালোনি

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে কানসাস সিটির রাতটি যখন উৎসবে মাতোয়ারা, তখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিই যেন বাকরুদ্ধ। প্রিয় শিষ্যের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবলীলায় স্বীকার করলেন, ‘এলএমটেন’ যেদিন ফুটবলকে বিদায় জানাবেন, সেদিন এক বিশাল শূন্যতা তৈরি হবে ফুটবল বিশ্বে।

রেকর্ড গড়া হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তটি নিয়ে স্কালোনি বলেন, ‘আমি আসলেই বাকরুদ্ধ। ম্যাচ শেষে আমি ওকে জড়িয়ে ধরলাম, একটা চুমু দিলাম আর বললাম যে আমি ওকে কতটা ভালোবাসি। কারণ, এর বাইরে ওকে নতুন করে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। ও শুধু গোলই করে না, মাঠে ও যা ছড়িয়ে দেয় তা অবিশ্বাস্য। ও যেদিন খেলা ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব। তাই এখন আমাদের উচিত স্রেফ ওর খেলা উপভোগ করা।’
বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্বরেকর্ড ছোঁয়া মেসিকে নিয়ে স্কালোনি আরও যোগ করেন, এটি তার কাছে মোটেও বিস্ময়কর কিছু নয়। তিনি বলেন, ‘এমন নয় যে আমি এটা আশা করিনি। ও গত ২০ বছর ধরে একই কাজ একটানা করে আসছে। আমার মনে হয়, শুধু আর্জেন্টিনার সমর্থকেরাই নন, পুরো ফুটবল বিশ্বের মানুষই ওর এই জাদু দেখতে চায়।’


ম্যাচের ফলাফল ৩-০ ব্যবধান হলেও আলজেরিয়ার বিপক্ষে লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেন স্কালোনি। স্কোরলাইন দেখে ম্যাচটিকে যতটা সহজ মনে হচ্ছে, মাঠের লড়াই ততটা সহজ ছিল না জানিয়ে এই মাস্টারমাইন্ড বলেন, ‘স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটা সহজ ছিল, কিন্তু এটি বেশ জটিল এক ম্যাচ ছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়, আর আলজেরিয়া যথেষ্ট ভালো দল। প্রতিপক্ষ যখন ভালো খেলে, তখন আমাদের রক্ষণাত্মক হতে হয়। ফুটবলটা তো আর একা খেলা যায় না! আপনি সবসময় বল নিয়ন্ত্রণে রাখতে বা প্রতিপক্ষকে চেপে ধরে রাখতে পারবেন না। তবে আমাদের দলে যখনই যার যে ভূমিকা দরকার হয়, তারা শতভাগ উজাড় করে দেয়।’

Link copied!