সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন এ তথ্য।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক পরিবহনের বাসটি ছিটকে খাদে পড়ে যায়।
নিহতদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৩ বছরের শিশু ফাইজা। সে সিলেট নগরের চণ্ডীপুল এলাকার বাসিন্দা।
ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশিরভাগও এই বাসের যাত্রী।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানালেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


























