রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৯টার পরে থানার ভেতরে নারী ও শিশু ডেস্কে ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার মো. ফখরুল ইসলাম জানিয়েছেন, ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। কোন দিক দিয়ে কীভাবে ককটেল নিক্ষেপ করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর আগে রাজধানীর একাধীক থানা ও গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।










