যশোর সফরে তারেক রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৪০ এএম
যশোর সফরে তারেক রহমান


  একদিনের যশোর সফর উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যশোর যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসেছেন।”

সকাল ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে। খাল খননের পরপর তার পাশেই বেলা সাড়ে ১১টায় উলশী উপজেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন সরকারপ্রধান।যশোরের পথে প্রধানমন্ত্রী

দুপুরের পর বিকাল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

জনসভা শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রী হিসেবে যশোরে প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। এর আগে নির্বাচনি প্রচারাভিযানের অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি বক্তৃতা করেছিলেন।

Link copied!