প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন উপলক্ষে সকাল থেকেই শার্শা উপজেলা-এর প্রত্যন্ত এলাকা উলশীতে মানুষের ঢল নেমেছে।
নবীন-প্রবীণ অনেকেই উলশী গ্রাম-এর খালপাড়ে মাথাল ও কোদাল নিয়ে জড়ো হয়েছেন। কেউ কেউ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রী তার দিনের প্রথম কর্মসূচি শুরু করবেন উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে। এটি বেতনা নদী-এর সংযোগস্থলের প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি খাল।
স্থানীয়রা জানান, ১৯৭৬ সালে জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। সেই ইতিহাসকে স্মরণ করেই এবার পুনঃখনন কার্যক্রমকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
উলশী গ্রামের নবতিপর বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘‘সেই সময় তিনি উপস্থিত ছিলেন এবং জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে খাল খননের সূচনা করেছিলেন। তার মতে, তখন স্বেচ্ছাশ্রমে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন এবং কাজটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছিল।’’
কৃষক সাদেক আলী বলেন, ‘‘দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি প্রায় অচল হয়ে পড়েছে। পুনঃখনন হলে সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং এলাকার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’’
এদিকে স্থানীয় গৃহবধূ ফাতেমা বেগম বলেন, “জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় তারেক রহমান আবার কাজ শুরু করতে আসছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
এলাকাবাসীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রজনীগন্ধা ফুল হাতে অপেক্ষায় আছেন। ৭০ বছর বয়সী আলী হোসেন বলেন, দূর থেকেই তারা প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানাবেন।
স্থানীয়দের মধ্যে এ সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।
































