দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের দায় দলের আদর্শের ওপর চাপানো যাবে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দলের আদর্শ ও সুনাম রক্ষায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ব্যক্তির স্বার্থসিদ্ধির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া উচিত নয়।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষা, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই অনুদান দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের অনুদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


 

Link copied!