ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৫৮ এএম
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত

দীর্ঘ আট মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি (উপমহাপরিদর্শক) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’–এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত, সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

Link copied!