প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কোন আশায় দেশের মানুষ ওদেরকে (বিএনপি) ভোট দেবে। আমাকে বলুন, আমি শুনতে চাই।”
সোমবার (৪ অক্টোবর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে উন্নয়ন হচ্ছে বর্তমান সরকারের আমলে, যা বিগত সরকার বা বিএনপি-জামায়াতের শাসনামলে হয়নি। তাহলে আমাকে বলুন, কেন, জনগণ তাদেরকে (বিএনপি) ভোট দেবে? যারা দেশের জন্য কিছুই করেনি।”
শেখ হাসিনা বলেন, “তারা শুধু নিজেদের উন্নয়নের চিন্তা করেছে, দেশের জন্য উন্নয়ন করেনি। তাই জনগণ তাদের ক্ষমতায় আসতে দেয়নি। আমার মনে হয়, বর্তমান সরকারের সময় মানুষের ভাগ্যের এবং জীবন-মানের ব্যাপক উন্নয়ন ঘটেছে। তা এখন সবাই জানে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যায়নি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে?”
এদিকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) পক্ষ থেকে দেওয়া ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পুরস্কারকে দেশের টেকসই উন্নয়নের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই বিশ্ব স্বীকৃতি।”
এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ৭৬তম ইউনাইটেড ন্যাশনস জেনারেল অ্যাসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন।
২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন।
১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন।






























