দেশে বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০১:১৯ পিএম
দেশে বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ

শুক্রবার (১ অক্টোবর) সকাল থেকে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে বাংলাদেশে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছে ক্যাবল অপারেটররা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না। এদিকে ক্যাবল অপারেটররা বলছেন, যেসব চ্যানেল বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সেসব চ্যানেল সম্প্রচার করা সম্ভব না। তাই চ্যানেলগুলো দেখানোই বন্ধ রেখেছেন তারা।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, দেশে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) সম্প্রচার বাস্তবায়নে পয়লা অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘১ অক্টোবর থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। কোনো বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটরদের এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আগামীকাল থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
 
তথ্যমন্ত্রী আরও বলেন, “যারা বিদেশি চ্যানেল ডাউনলিংকের অনুমতি পেয়েছে ক্লিনফিডের ব্যাপারে তাদের সঙ্গে আগস্ট মাসে বৈঠক করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ১ অক্টোবর থেকে আমরা আইন প্রয়োগ করব। দিনের পর দিন তারা সময় নেবে, কালক্ষেপণ করবে, এটি হয় না। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালসহ বিশ্বের অন্যান্য দেশে ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল কেউ দেখাতে পারে না। আর আমাদের দেশে বিদেশি চ্যানেলগুলো ক্লিনফিড পাঠাচ্ছে না, এই অজুহাতে এখানে ক্লিনফিড চালাবে না এটা হয় না।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!