রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা আজও পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। বিএনপি অফিস বন্ধ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ চলাচল করতে দেওয়া হচ্ছে না।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে আসতে দেখা যায়নি।
নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা যেন অবস্থান নিতে না পারেন, সে জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না।

















