রাজধানীতে ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:৫০ পিএম
রাজধানীতে ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক থাকবে

রাজধানীতে ১০ ডিসেম্বর যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি।

এর আগে, রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যৌথ সভা করে সংগঠনটি।

ঢাকার পরিবহন মালিক, শ্রমিক ও নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনাল ও গুলিস্তানের বিভিন্ন পরিবহনের তিন শতাধিক মালিক-শ্রমিক অংশ নেন। তারা ১০ ডিসেম্বর ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে মত প্রকাশ করেন।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। নেতাকর্মীরাও পাল্টা ইট ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে। সংঘর্ষে মকবুল নামের এক যুবক নিহত এবং অনেকে আহত হন।


রাজধানীতে কোনো সভা-সমাবেশ ও যেকোনো ধরণের বড় সংঘর্ষ হলে কর্মজীবী রাজধানীবাসী আতঙ্কিত হয়ে পড়েন। কারণ সকাল হতেই তাদের কর্মস্থলে যেতে হয়। রাজধানীতে সভা-সমাবেশ হলেই যান চলাচল বন্ধ হয়ে যায়, আর সংঘর্ষ হলে তো কোনো কথাই নেই। ভাঙচুরের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পরিবহন মালিক-শ্রমিকরাও। এ কারণে রাজধানীতে ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক রাখতে আজ সংগঠনটি সভার আয়োজন করে। এতে পরিবহন মালিক-শ্রমিকদের সড়কে যানবাহন নামাতে এবং সাধারণ যাত্রীদের চলাচলে অভয় দেওয়া হয়।

Link copied!