বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার (৭ ডিসেম্বর) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল নাগাদ এটি ভারতের উত্তর তামিলনাড়ু-পুন্ডুচেরি ও কাছাকাছি অন্ধ্র্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়াবিদরা জানান, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ম্যানদৌস’। এটি আরব আমিরাতের দেওয়া নাম। এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।
























