দীর্ঘ ৫ বছর পর কক্সবাজারে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জনসভায় যোগ দিবেন।
সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছেন। এই সফরে বেশ কয়েকটি আয়োজনে অংশ নিবেন। এর মধ্যে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত পর্যটন নগরী কক্সবাজার সেজে উঠেছে। এ আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্ল রয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার সফর করেন। তখন তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার সঙ্গে সংগতি রেখেই জেলায় ৪০টি মেগা প্রকল্পসহ সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যয়ে ৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই মধ্যে জেলার মানুষ ব্যাপক এ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা প্রস্তুতি শেষ করেছেন। প্রধানমন্ত্রীর এ জনসভা উপলক্ষে বিভিন্ন সড়কে রঙিন তোরণ ও প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পোস্টার ও তার ছবিসংবলিত ব্যানার দিয়ে সড়কগুলো সাজানো হয়েছে।
সূত্র: বাসস

















