১০ ডিসেম্বর বিশৃঙ্খলা হলে ছাড় নয়: কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ১০:০০ এএম
১০ ডিসেম্বর বিশৃঙ্খলা হলে ছাড় নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার বিএনপির আছে। তবে সরকার বিএনপিকে অনেক ছাড় দিয়েছে। ১০ ডিসেম্বর সমাবেশের নামে নৈরাজ্য বা বিশৃঙ্খলা করলে রাজপথেই তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ।”

সোমবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির সমাবেশের প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‍‍“সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। বিএনপি হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা। তারা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। গণতন্ত্র হচ্ছে বিকাশমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে শেখ হাসিনার সরকার।”

এদিকে সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সোহরাওয়ার্দীর জন্ম। ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান ছিলেন সোহরাওয়ার্দী। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের অন্যতম। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, তার নেতৃত্ব দেন এই মহান নেতা।

১৯৬৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়। পরে ঢাকার হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে প্রখ্যাত এই নেতাকে সমাধিস্থ করা হয়।

Link copied!