১৫২ জনকে এমপিওভুক্তির আবেদনের সুযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৮:৫৮ এএম
১৫২ জনকে এমপিওভুক্তির আবেদনের সুযোগ

দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদন করার সুযোগ প্রদানে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৪ ডিসেম্বর) এ রায় দেন বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি "অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক।

এর আগে আবেদন করতে না পেরে ডিগ্রি কলেজের ১৫২ জন প্রভাষক আবারও সুযোগ দেওয়া এবং এমপিও দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

মো. নুর আলম ছিদ্দিক, মৃনাল কান্তি রায়, মোঃ হারুন অর রশিদ, মো. আহাদ আলি মন্ডল, মো. মোকলেসুর রহমান, মো. মুশফিকুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. সামিউল হাসান চৌধুরী, মো. আন্দুস সালাম এবং মো. সাইদুর রহমানসহ বিভিন্ন জেলার মোট ১৫২ জন প্রভাষক-কর্মচারী রিটটি দায়ের করেন।

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি কলেজের (পাস) কোর্সে কর্মরত প্রভাষক ও কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ প্রণয়ন করে ওই নীতিমালার পরিশিষ্ট ‘খ’ এর পাদটীকা অনুসারে স্নাতক (পাস) কলেজ এমপিওভুক্তির জন্য ন্যূনতম ২টি বিভাগ চলমান থাকতে হবে। যেহেতু রিটকারীদের প্রতিষ্ঠানগুলোতে একটি বিভাগ চালু রয়েছে, তাই তারা দীর্ঘদিন কর্মরত থাকার পরও এমপিওভুক্তির আবেদন করতে পারেননি।”

আইনজীবী আরও বলেন, “এমপিও ভুক্তির আবেদন করা রিটকারীদের আইনগত অধিকার। কিন্তু এসব শর্তের কারণে তারা ওই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যা মৌলিক অধিকার লঙ্ঘন। এ রায়ের ফলে রিটকারীরা বিচার পেয়েছেন।"

 

Link copied!