বস্তায় নয়, এখন ঘুষ লেনদেন ডলারে : হাইকোর্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৮:৪১ পিএম
বস্তায় নয়, এখন ঘুষ লেনদেন ডলারে : হাইকোর্ট

বস্তাভর্তি টাকায় নয়, এখন ডলারের মাধ্যমে ঘুষ লেনদেন হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক মামলার শুনানিকালে এমন মন্তব্য করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।

শুনানির একপর্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘গণমাধ্যমে দেখা যায় ঘুষ লেনদেনে বস্তায় বস্তায় টাকা বিনিময় হয়।’

তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “এখন আর বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে।”

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে কারারক্ষী পদে চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এশু। উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনও হয়েছিল। কিন্তু পরে আর যোগদানপত্র পাননি তিনি। চাকরির আশা ছেড়ে দিয়ে এশু কাপড় ব্যবসা শুরু করেন। ১৮ বছর পর জানতে পারেন প্রতারণার মাধ্যমে তার নাম-পরিচয় ব্যবহার করে ওই পদে চাকরি করছেন আরেকজন।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিও ঘটনার সত্যতা পেয়েছে। তবে এরপরেও প্রতারণা করে চাকরি নেওয়া ব্যক্তিকে চাকরিচ্যুত না করায় কারা অধিদপ্তরে আবেদন করেন প্রকৃত জহিরুল ইসলাম এশু। তার সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন তিনি।

শুনানি শেষে বুধবার (৯ নভেম্বর) বিষয়টি আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

Link copied!