বিচারপতি মানিকের ওপর হামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৬:৫৩ পিএম
বিচারপতি মানিকের ওপর হামলা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানা গেছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “ফকিরাপুল মোড়ে আমার ওপর হামলা করা হয় বিএনপির মিছিল থেকে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুর্বৃত্তরা আমাকে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে মারধরও করেছে।”

বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বলেন, “পল্টন দিয়ে যাওয়ার সময় বিকেল চারটা থেকে সোয়া চারটার দিকে মিছিল থেকে মানিক স্যার, আমাকে ও গাড়ির চালককে লক্ষ্য করে হামলা করা হয়। বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করা হয়েছে।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান জানান, তারা হামলার কথা শুনেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন। তিনি সেখানে বিস্তারিত জানতে পারবেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, “গানম্যানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি পুলিশ হাসপাতালের সামনে ঘটেছে বলে জেনেছি। গাড়ির ড্রাইভার ও গানম্যানকে আসতে বলা হয়েছে এবং অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব।”

 

Link copied!