বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি। দেশে খালেদা জিয়ার চিকিৎসা করার মতো অবস্থা নেই।”
বিএনপির মহাসচিব বলেন, “তার সঠিক চিকিৎসায় বিদেশ নেওয়া জরুরি হলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না।” মানবিক বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ আবেদন করা হয়। বিএনপির প্রভাবশালী একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকালের দিকে পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন।































