রান্না ঘরে ব্যবহৃত বিভিন্ন হাড়ি বা বাসন অনেক সময়েই পানি লেগে দীর্ঘ দিন পড়ে থাকলে সেগুলোতে মরচে পড়ে যায়। এমনকি স্টিলের বাসনেও মরচে পড়ে যায়। কারণ বাসায় ব্যবহৃত স্টিলের জিনিসপত্রগুলো ভেজাল মিশ্রিত থাকে তাই মরচে পড়ে যায়। মরচে পড়া জিনিস দেখতে যেমন খারাপ দেখায় তেমনি ব্যবহার করাও অস্বাস্থ্যকর। তাই স্টিলের মরচে তুলতে হবে। ঘরোয়া কিছু উপাদান দিয়ে মরচে দূর করা যায়।
বেকিং সোডা
দুই কাপ পানির মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার স্টিলের যে জিনিসে মরিচা ধরেছে সেখানে মিশ্রণটি লাগিয়ে নিয়ে একটি টুথব্রাশ বা ধাতর তারের ছোবড়া দিয়ে ঘষে নিলেই মরচের দাগ উঠে যাবে।
টুথপেস্ট
স্টিলের জিনিসে দাগ দূর করতে টুথপেস্টও ব্যবহার করতে পারেন। মরিচার জায়গায় টুথপেস্ট লাগিয়ে রেখে ১০ মিনিট পর একটি টুথব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্ট লাগানো স্থানে ভালোভাবে ঘষে নিন। কিছুক্ষণ পর জায়গাটি পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন।
ভিনিগার
মরচে ধরা বাসন ভিনিগারে ডুবিয়ে রাখতে পারেন। যদি এতটা ভিনিগার নষ্ট করতে না চান,তা হলে বাসনে ভাল করে ভিনিগার মাখিয়ে রেখে দিন। গোটা একটা দিন রাখতে পারলে ভাল হয়। পরের দিন ভাল করে ঘষেমেজে নিলেই মরচের দাগ উঠে যাবে।
লেবুর রস
প্রথমে বাসনের মরচে ধরা জায়গাটিতে বেশি করে লবণ ছড়িয়ে দিন। তারপর ওই জায়গাতেই বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিন। এই ভাবে কয়েক ঘণ্টা রেখে দিন। নিংড়ানো লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষে নিলেই স্টিলের বাসন একেবারে ঝকঝক করে উঠবে।

















