হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কাশফুলের শুভ্রতা নিয়ে মা আবার এসেছে ধরায়। মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। দুর্গাদেবীকে পুজোসহ নিজেকে সুন্দরভাবে সাজাতে ব্যস্ত ছোট-বড় সবাই।
ষষ্ঠী থেকে দশমী পূজার একেক দিনের সাজ হয় একেক রকম। ষষ্ঠীর সন্ধ্যায় পূজা দিতে মন্দিরে যাবেন ভক্তরা। তার আগে জেনে নিন কীভাবে ষষ্ঠী পূজায় নিজেকে পরিপাটি করে তুলবেন_
ষষ্ঠীর দিনে খুব জমকালো পোশাক এড়িয়ে যাওয়া ভালো। সাদা কিংবা যে কোনো হালকা রঙের পোশাক বেছে নিন পুজো এ দিনে। হালকা সাজ দিয়ে শুরু করুন আপনার ষষ্ঠীর দিন।
সাধারণত পূজার শুরুতেই ঘুরাফেরা খুব একটা হয় না। বেশিরভাগ মানুষ নিজের পরিবারে সময় দেয়। মণ্ডপে প্রতিমা দেখতে বের হয়। এখন যেহেতু গরম তাই হালকা সাজই ভালো। শাড়িতে তাঁতের অথবা সুতি কাপড় বেছে নিতে পারেন। মেকআপটা ভারী না রেখে হালকাই রাখুন। হালকা সাজেই আপনাকে দেখাবে স্নিগ্ধ।
অনেকেই এবছর কাফতান ড্রেস অথবা কুর্তি কিংবা কেপ টপ এমনকি ফ্লোরাল পিস নিজের কালেকশনে রেখেছেন। সেটি আজকের জন্য একেবারে পারফেক্ট।
মেয়েরা মেকআপ শুরুর আগে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এবার ৫ মিনিট অপেক্ষা করে প্রাইমার লাগিয়ে নিন। এতে মেকআপ সহজেই ত্বকে বসবে এবং দীর্ঘসময় ধরে থাকবে। হালকা সাজ তাই ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। বিবি ক্রিম মুখে মেখে নিন। এতে মেকআপটা ন্যাচারাল লাগবে। মুখে ব্রন বা দাগ থাকলে কনসিলার লাগিয়ে নিন। ফেস পাউডার দিয়ে পুরো মুখের মেকআপ সেট করে নিন।
পিচ অথবা অরেঞ্জ রঙের ব্লাশ গালে হালকা করে লাগিয়ে নিতে পারেন। চোখে শ্যাডো লাগানোর প্রয়োজন নেই। তবে আইলাইনার এবং মাশকারা ব্যাবহার করতে ভুলবেন না।
আপনার যদি কাজল পছন্দের হয়ে থাকে তাহলে আইলাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করুন। কাজলের সাথে পুজোর সাজ একেবারে পূর্ণ লাগবে। ঠোঁটের হালকা নুড কালারের লিপস্টিক লাগিয়ে ফেলুন। ব্রাউন কালারেও খুব সুন্দর লাগবে।
কানে ও গলায় পরে নিতে পারেন সাদা মুক্তোর মালা আর হাতে চুড়ি। চুল খোলা না রেখে হাল ফ্যাশনের কায়দায় সামনের দিকে টুইস্ট করে পেছনে বেঁধে নিতে পারেন। এতে দেখতে ট্রেন্ডি লাগবে। গরমেও আরাম পাবেন।
ছেলেরা ষষ্ঠীতে কুল-ক্যাজুয়াল লুকে থাকুন। সাদা সব সময়ই সুন্দর। আর সব জায়গায় এই রঙ পরে যাওয়া যায়। ষষ্ঠীতে সাদা অথবা যে কোনও হালকা রঙের ক্যাজুয়াল শার্ট পরতে পারেন। ছেলেদের শার্টের উপর হালকা সুতোর কাজ থাকে। এমন শার্ট বেছে নিতে পারেন। এরসঙ্গে প্যান্ট বা ট্রাউজার পরতে পারেন। অবশ্যই একটু গাঢ় রঙের প্যান্ট বা ট্রাউজার বেছে নিবেন। এর সঙ্গে সাদা স্নিকার্স পরে নিন। এবার ষষ্ঠীর পুজোয় বেরিয়ে পরুন।








































