ঈদের রান্নায় মাংসের হরেক পদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০২:০১ পিএম
ঈদের রান্নায় মাংসের হরেক পদ

মুসলিমদের অন্যতম ধর্মীয় উত্সব ঈদ উল আজহা। উত্সব মানেই রান্না। হরেক পদের রান্না। কোরবানির ঈদে রান্নার আরও ধুম পড়ে। মাংস দিয়ে বানানো হয় নানা পদ। কাবাব, বিরিয়ানী কোনও কিছুরই কমতি থাকে না। এবারও ব্যতিক্রম হবে না। ঘরে ঘরে এখন ঈদের রান্নার প্রস্তুতি চলছেই। মসলা কেনার হিরিক পড়েছে। হরেক পদের রান্নায় নতুনত্ব নিয়ে চলছে প্রস্তুতি। কী হবে এবারের কোরবানির ঈদের নতুন রান্নার নতুন পদ। কীভাবে অতিথি আপ্যায়নে চমক রাখবেন ভেবেছেন? এখনই ঠিক করে রাখুন। আর প্রস্তুতি নিয়ে নিন।

কোরবানির ঈদের রান্নায় বাহারি পদে এবাব যা যা থাকছে, চলুন তা জেনে নেই_

বিহারি কাবাব বানাতে যা যা লাগবে

  • হাড়ছাড়া- ৭৫০ গ্রাম মাংস
  • লবণ
  • মরিচের গুঁড়া
  • হলুদের গুঁড়া
  • পোস্তদানা গুঁড়া
  • জিরার গুঁড়া
  • গোলমরিচের গুঁড়া
  • গরম মসলার গুঁড়া
  • জিরার গুঁড়া
  • সাদা গোলমরিচের গুঁড়া
  • গরম মসলার গুঁড়া
  • শাহী জিরার গুঁড়া
  • ধনিয়ার গুঁড়া
  • জয়ফল ও জয়ত্রীর গুঁড়া
  • শাহী জিরার গুঁড়া
  • পেঁয়াজ বেরেস্তা
  • কাঁচা পেঁপে বাটা
  • টক দই
  • আদা বাটা
  • সরিষার তেল

বিহারি কাবার যেভাবে বানাবেন

প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর লম্বা করে কেটে রাখুন। মাংসের সঙ্গে ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, শাহী জিরার গুঁড়া আধা চা চামচ, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, জয়ফল ও জয়ত্রীর গুঁড়া ১/৪ চা চামচ, ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পোস্তদানা গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, ১/৪ কাপ পেঁয়াজ বেরেস্তা, ২ টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, ১ কাপ টক দই, ১ টেবিল চামচ আদা বাটা ও আড়াই টেবিল চামচ সরিষার তেল মেখে নিন। মসলামাখা মাংস ১ ঘণ্টার জন্য রেখে দিন। অন্যদিকে কাবাব গাঁথার কাঠি ১০ মিনিট পানিতে ভিজিয়ে নিন। মাংস সেই কাঠিতে গেঁথে নিন। এবার চুলায় পাত্রে অল্প তেল দিন। তেল  গরম করে কাবাব ভেজে নিন। শেষের দিকে একটি ছোট স্টিলের বাটিতে এক টুকরো কয়লায় সামান্য ঘি ঢেলে প্যানের ওপর রেখে ঢেকে দিন। স্মোকি গন্ধ এলে পরিবেশন করুন।

মাংসের আচারি রান্নায় যা যা লাগবে 

  • গরুর মাংস
  • আদা বাটা
  • রসুন বাটা
  • ধনিয়ার গুঁড়া
  • জিরার গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • হলুদের গুঁড়া
  • লবণ
  • টক দই
  • আচারের মসলা
  • পেঁয়াজ কুচি
  • সরিষার তেল
  • তেজপাতা
  • দারুচিনি
  • লবঙ্গ
  • এলাচ
  • পাঁচফোড়ন
  • শুকনো মরিচ
  • কাঁচা মরিচ

 

মাংসের আচারি রান্না হবে যেভাবে 

গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। এক কেজি পরিমাণ মাংসে দেড় টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, এক টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও আধা কাপ টক দই দিয়ে মাখিয়ে নিন। এরসঙ্গে দুই টেবিল চামচ জলপাই বা আমের আচারের মসলা দিয়ে দিন। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করুন অন্তত এক ঘণ্টা। এবার চুলায় একটি কড়াইয়ে সয়াবিন তেল ও সরিষার তেল গরম করুন। তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে নাড়ুন। ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। কষিয়ে নিন ভালোভাবে। কষানো হলে পর্যাপ্ত গরম পানি দিয়ে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  এবার মাংস বাগাড় দিয়ে নিতে হবে। সরিষার তেলে ১ টেবিল চামচ পাঁচফোড়ন, কয়েকটি শুকনা মরিচ ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। ভাজা হলে এটি মাংসের ওপর ঢেলে দিন। ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

নারকেল দুধে খাসির গোশত

  • খাসির মাংস- এক কেজি
  • নারকেলের দুধ- ২ কাপ
  • পেঁয়াজ বাটা- আধা কাপের বেশি
  • পেঁয়াজ কুচি- ১টি
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুনবাটা- ১ টেবিল চামচ
  • লাল মরিচ গুঁড়া- এক চা চামচ
  • হলুদ গুঁড়া- এক চা চামচ
  • পোস্ত বাটা- ১ টেবিল চামচ
  • জিরার গুঁড়া- ১ চা চামচ
  • ধনের গুঁড়া- ১ টেবিল চামচ
  • তেজপাতা- ২টি
  • দারুচিনি-৪ টি
  • এলাচ- ৪টি
  • লবঙ্গ- ৪টি
  • বেরেস্তা- আধা কাপ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ-৮টি
  • চিনি- ১ চা চামচ
  • তেল- আধা কাপ
  • গরম পানি- পরিমাণমতো।

 

নারকেল দুধে খাসির গোশত রান্না হবে যেভাবে

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখতে হবে। সব বাটা মসলা, তেল, লবণ, তেজপাতা, গরম মসলা দিয়ে খাসির মাংস ২ ঘণ্টা মেরিনেট করুন। চুলায় মাংস কষিয়ে নিন। মাংস তেলের ওপর উঠে আসলে ১ কাপ নারকেলের দুধ দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত মৃদু আঁচে কষিয়ে নিন। এবার বাকি ১ কাপ নারকেলের দুধ দিয়ে দিন। প্রয়োজন মতো গরম পানি দিয়ে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হলে মসলা, ফোড়ন, পেঁয়াজ বেরেস্তা, চিনি ও লেবুর রস দিয়ে ১৫ মিনিট রান্না করুন। এবার কাঁচা মরিচ দিয়ে দিন। অল্প আঁচে দমে রাখুন। সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

Link copied!