ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, “পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে দিতে হবে।”
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার পরে তিনি শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে এএফপি।
বেন গভির বলেছেন, “আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে সমগ্র বিশ্বের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে দিতে হবে।”
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে, এমনকি আমাদের ব্যক্তিগত বৈঠকেও বলেছি: একজন ইসরায়েলি মায়ের প্রতিটি চোখের পানির জন্য, হাজারো লেবানিজ মাকে কাঁদতে হবে।”
চরম ডানপন্থি এই নেতা বলেন, “এই পিং-পং খেলা যথেষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যে পরিমিত প্রতিক্রিয়া এবং সংযম দিয়ে জেতা যায় না — আপনাকে উন্মত্ত হতে হবে। নিশ্চিহ্ন করতে হবে। সন্ত্রাসকে চূর্ণ করতে হবে।”



































