স্কুলভবনে মারামারিকে কেন্দ্র করে ৪ সহপাঠীকে গুলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৬:১২ পিএম
স্কুলভবনে মারামারিকে কেন্দ্র করে ৪ সহপাঠীকে গুলি

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের আর্লিংটনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আর্লিংটন পুলিশ বিভাগের সহকারী প্রধান কেভিন কোলবি জানান, টিম্বারভিউ হাই স্কুল ভবনের দ্বিতীয় তলায় মারামারির এক পর্যায়ে ১৮ বছর বয়সী এক ছাত্র তিন সহপাঠীসহ চার জনকে গুলি করে পালিয়ে যায়। সকালে এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আহতদের তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। চতুর্থজন সামান্য আঘাত পেয়েছেন। এক ছাত্রকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল। তাদের সবাই এখন সুস্থ আছেন।

হামলাকারী টিমোথি জর্জ সিম্পকিন্স ঘটনাস্থল থেকে পালানোর কয়েক ঘন্টা আত্মসমর্পণ করে। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সিম্পসনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

গুলির ঘটনার পরে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীদের যাতে অভিভাবকেরা নিয়ে যেতে পারেন, সে জন্য জায়গা নির্দিষ্ট করে দেয় পুলিশ।

কেভিন কোলবি জানান, এটি সহিংস হামলা নয়। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মারামারির সময় একজন অস্ত্র বের করে গুলি করে। দুই থেকে তিনটি গুলি করা হয়েছে। এ ঘনটায় আরলিংটন স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের পরিসংখ্যান মতে, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ২ লাখ ৫৬ হাজারের বেশি শিক্ষার্থী বন্দুক হামলার মুখোমুখি হয়েছে। দেশটিতে প্রতিনিয়তই জোরালো হচ্ছে অস্ত্র আইন সংশোধনের দাবি।

Link copied!