প্রধানমন্ত্রী পদে নাজলা বাউডেন রোমধানেকে বেছে নিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। এরই মাধ্যমে আরববিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পেল উত্তর আফ্রিকার মুসলিম দেশ তিউনিসিয়া।
কয়েক মাস আগেই প্রধানমন্ত্রীকে বহিষ্কার ও পার্লামেন্ট স্থগিত করে নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে ডিক্রির জারির মাধ্যমে নাজলাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এ নেতা।
আল-জাজিরা জানায়, তিউনিসিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজলার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার খবর প্রকাশ করা হয়। এছাড়াও এর আগে এক ভিডিওতে সাইদ ও নাজলাকে বৈঠক করতে দেখা গেছে।
নতুন সরকার গঠনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠনের দায়িত্ব নিচ্ছেন নতুন নারী প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাংকে ছাড়াও দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ৬৩ বছর বয়সী নাজলার। পিএইচডিধারী এই ভূতাত্ত্বিক প্রকৌশলী তিউনিসিয়ার একটি বিশ্ববিদ্যালয়য়েরও প্রভাষক।

































