যে কারণে ৬টি মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:২৭ পিএম
যে কারণে ৬টি মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স

ফ্রান্সজুরে ৮৯ টি ধর্মীয় উপাসনালয়ের এক তৃতীয়াংশের বিরুদ্ধে উগ্রবাদ ছড়ানোর অভিযোগ তুলেছে দেশটির গোয়েন্দা বিভাগ। সেকারণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফরাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এএফপি জানায়, মৌলবাদী ইসলামী প্রচারণা চালানোর দায়ে ফ্রান্সে ছয়টি মসজিদ বন্ধ করতে ও সন্দেহভাজন বেশ কয়েকটি সমিতি ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন। স্থানীয় সময় মঙ্গলবার এই সিদ্ধান্ত জানান তিনি।

স্থানীয় সংবাদপত্র লে ফিগারো জানায়, ফ্রান্সের পাঁচটি বিভাগের ছয়টি মসজিদ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে উগ্র ইসলামপন্থী প্রকাশনী নাওয়া ও ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লিগও (এলডিএনএ) বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন এক বিবৃতিতে জানান, দক্ষিণাঞ্চলীয় শহর আরেজে অবস্থিত নাওয়া সংগঠনটি, “ইহুদিদের হত্যা ও সমকামীদের পাথর মারতে” উস্কানি দিয়ে থাকে।

এছাড়াও গত বছরের জুনে প্যারিসে মার্কিন দূতাবাসের সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভের “ঘৃণা ও বৈষম্য” ছড়িয়েছে এলডিএনএ – এমন অভিযোগ করেন তিনি। আগামী বছর আরও ১০টি সংগঠন বিলুপ্ত করা হবে বলেও জানান ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২০ সালের অক্টোবরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের জেরে ফরাসী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেন এক মুসলিম অভিবাসী। এরপরই উগ্রবাদ বন্ধে সতর্ক অবস্থান নেয় ফ্রান্স সরকার।
 

Link copied!