যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী আমট্রাক এম্পায়ার বিল্ডার প্যাসেঞ্জার সার্ভিসের ট্রেনের কয়েকটি বগি জোপলিন শহরের কাছে লাইনচ্যুত হলে ট্রেনটি কাত হয়ে পড়ে।
আমট্রাক কর্তৃপক্ষ জানায়, শিকাগো থেকে সিয়াটলগামী এই ট্রেনে প্রায় ১৪১ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিলেন।
দুর্ঘটনায় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। অনেকেই বগির ভেতরে আটকে পড়েন।
সামাজিক মাধ্যমের ছবিতে ট্রেনের বিচ্ছিন্ন বগি ও যাত্রীদের লাগেজ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।







































