থানার ভেতর পুলিশের গলায় ফাঁস, কলকাতায় তোলপাড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৮:৫২ পিএম
থানার ভেতর পুলিশের গলায় ফাঁস, কলকাতায় তোলপাড়

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউনে টেকনো সিটি থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে রাজ্যে। 

হিন্দুস্তান টাইমস জানায়, টেকনো সিটি থানার ভবনেরই তিন তলায় পুলিশ ব্যারাকে থাকতেন দিব্যেন্দু মানিক। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ডিউটি ছিল তার।

তবে সময়মতো কাজে যোগদান না করায় তার খোঁজ করেন সহকর্মীরা। পরে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিহতের মরদেহ পাঠানো হয়েছে। টেকনো সিটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন দিব্যেন্দু মানিক।

কর্তৃপক্ষ জানায়, থানার মধ্যে পুলিশের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত হবে। তার আত্মহত্যার পেছনে কোন নির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। 

জানা গেছে, এর আগে বিধাননগর কমিশনারেটের সাইবার থানায় কর্মরত ছিলেন দিব্যেন্দু মানিক। সম্প্রতি টেকনোসিটি থানায় বদলি হয় তার।

Link copied!