ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
হিন্দুস্তান টাইমস জানায়, আতশবাজির গোডাউনে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মরদেহ পাওয়া যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় মারা যান আরেকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বেঙ্গালুরুর চামরাজপেটে এলাকায় থানার কাছে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলে আতশবাজির অস্তিত্ব পাওয়া গেছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড ডাকা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি করা হবে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।






































