নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিল তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৯:০৫ পিএম
নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিল তালেবান

ক্ষমতা দখলের পর থেকেই নারীবিদ্বেষ আর নারী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের কারণে সমালোচনার কেন্দ্রে তালেবান সরকার। যদিও শুরু থেকেই নারীদের কাজে যোগ দেওয়ার ও পড়াশোনায় বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বিদ্রোহীরা। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উল্টো দৃশ্য।

নতুন মন্ত্রীপরিষদে নারী সদস্য না থাকায় সরকার গঠনের পরেই সমালোচনায় পরে তালেবান। এরপর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণেও আরোপ করা হয় বেশ কিছু শর্ত। এবার দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয়টিও বন্ধ করে দিল বিদ্রোহীরা।

বিবিসি জানায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) নারী বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড নামিয়ে সেখানে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো হয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এই নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়টিই দেশে ইসলামী শাসনের নামে কঠোর বিধিনিষেধ আরোপ ও নারীদের দমনে পদক্ষেপ নেয়।

এদিকে নারী বিষয়ক মন্ত্রণালয়টি বন্ধ করে দেওয়ার পর নারী কর্মচারীরা অফিসের সামনে ভিড় করেন। সামাজিক মাধ্যমের ভিডিওতে তাদের কাজে যোগদানের সুযোগ দিতে তালেবানদের অনুরোধ করতে দেখা যায়।

এর ফলে ২০ বছর পর আবারও তালেবান শাসনে নারীদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

অন্যদিকে শনিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, “সকল শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে হবে।”

এই বিবৃতিতে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে বা আদৌ তারা স্কুলে যেতে পারবে কি না সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। ফলে আফগানিস্তানে আবারও নারীশিক্ষা বন্ধের গুঞ্জন উঠেছে।

Link copied!