ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০১:২৬ পিএম
ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

শুক্রবার (২৭ মার্চ) নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়া এই বৈঠকের আহ্বান জানিয়েছে। মস্কোর অভিযোগ, গত কয়েক দিনের হামলায় ইরানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মার্চ মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার অনুরোধে এই আলোচনার সূচি নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ নিরাপত্তা পরিষদে বাহরাইন-সমর্থিত একটি প্রস্তাব (রেজোলিউশন ২৮১৭) পাস হয়েছিল। যেখানে প্রতিবেশি দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়। তবে সেই প্রস্তাবে ইরানের অভ্যন্তরে মার্কিন-ইসরায়েলি হামলার কোনো উল্লেখ ছিল না। রাশিয়া তখন থেকেই দাবি করে আসছে, নিরাপত্তা পরিষদকে দুই পক্ষকেই সমানভাবে সংযত হওয়ার আহ্বান জানাতে হবে। আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে ইরানের অভ্যন্তরে হওয়া ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরবে রাশিয়া। একই সঙ্গে ভারসাম্যপূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পেন্টাগন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের অভ্যন্তরে ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৪ হাজার ৮০০ জন।

সূত্র : আলজাজিরা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!