ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ইদানীং লেখালেখির চেয়ে ফেসবুক-টুইটারে নিজের লাইফস্টাইল আর বিস্ফোরক মন্তব্যের কারণেই আলোচিত।
নারীবাদী বক্তব্য আর উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে প্রায় সময়ই মুসলিমবিদ্বেষ আর হিংসা ছড়ানোর অভিযোগে জর্জরিত হন তিনি। বিদ্বেষমূলক আচরণের কারণে তার অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক আর টুইটারও পদক্ষেপ নেওয়ার রেকর্ড আছে।
তবে এসব সমালোচনাকে খুব একটা পাত্তা দেন না তসলিমা। নিয়মিত নেটিজেনদের আলোচনার খোরাক জুগিয়ে যাচ্ছেন তিনি।
এবার শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফজাইয়ের বিয়ে নিয়েও মন্তব্য করলেন এই লেখিকা। অল্প বয়সে পাকিস্তানি ছেলেকে বিয়ে করা আর ক্যারিয়ার নিয়ে উদাসীন মনোভাবের কারণে মালালার ওপর হতাশ হয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, “মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে বেশ অবাক হয়েছি। তার বয়স মাত্র ২৪। ভেবেছিলাম সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছে, সেখানে কোন সুদর্শন প্রগতিশীল ইংরেজ ছেলের প্রেমে পড়বে আর ৩০ বছর বয়সের আগে বিয়ে করার কথাও ভাববে না। কিন্তু...”

তসলিমার টুইট এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। অনেকেই সেখানে কমেন্ট করে তার সমালোচনা করছেন।
বুশরা মল্লিক নামের এক নারী লিখেছেন, “পাকিস্তানি ছেলেদের প্রগতিশীল মনে না করাটা কি আপনার অজ্ঞতা নয়?”
তসলিমা অবশ্য ঠাট্টা করে উত্তর দিয়েছেন, “ইমরান খানও (পাকিস্তানের প্রধানমন্ত্রী) একসময় প্রগতিশীল ছিলেন।”
এছাড়াও অন্যের ব্যক্তিগত জীবন আর পছন্দ নিয়ে অনধিকার চর্চা এবং জাতি বৈষম্যের অভিযোগ তুলেও তার পোস্টে ক্ষোভ জানান অনেকেই।

































