এবার শাহরুখের ম্যানেজারকে তলব মুম্বাই পুলিশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:০২ পিএম
এবার শাহরুখের ম্যানেজারকে তলব মুম্বাই পুলিশের

আরিয়ান খানের মাদক-কাণ্ডে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে ডেকেছে মুম্বাই পুলিশ। গত শনিবার পূজা দাদলানিকে তলব করে মুম্বাই পুলিশের বিশেষ তদন্ত দল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে সময় চেয়েছেন শাহরুখ খানের ম্যানেজার। খবর ইন্ডিয়া টুডের।

গণমাধ্যমটি বলছে, আরিয়ান খানের মাদক মামলায় ঘুষ লেনদেন হয়েছিল কি না, সে বিষয়ে জানতেই ডাকা হয়েছে তাকে।

এর আগে মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল দাবি করেন, শাহরুখ খানকে ব্ল্যাকমেইল করে ছেলেকে মাদক মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে কে পি গোসাভি (এনসিবির মুম্বাই প্রধান সমীর ওয়াংখেড়ের ঘনিষ্ঠজন ও হেফাজতে থাকা অবস্থায় আরিয়ানের সঙ্গে সেলফি তোলা ব্যক্তি) ২৫ কোটি রুপি দাবি করেছিলেন। তা থেকে ৮ কোটি রুপি পাওয়ার কথা ছিল এনসিবির মুম্বাই প্রধান সমীর ওয়াংখেড়ের।

 লিখিত অভিযোগে প্রভাকর সেইল আরও দাবি করেন, ৩ অক্টোবর আরিয়ান খানের গ্রেপ্তার এড়াতে কে পি গোসাভি ও স্যাম ডি সুজাকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে সাক্ষাৎ করেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। তবে গ্রেপ্তার এড়াতে না পারায় পরে ৩৮ লাখ টাকা ফেরত দেওয়া হয় পূজাকে।

Link copied!