ভারতে সেরা ওয়েব সিরিজের খেতাব জিতল ‘তাকদীর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:০৬ পিএম
ভারতে সেরা ওয়েব সিরিজের খেতাব জিতল ‘তাকদীর’

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে গত বছর ‘তাকদীর’ ওয়েব সিরিজটি মুক্তি পায়। মুক্তির পর সিরিজটি দুই বাংলায় হইচই ফেলে দেয়। 

সেই ধারাবাহিকতায় এবার সেরা ওয়েব সিরিজের খেতাব জিতল ‘তাকদীর’। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরার পুরস্কার পেয়েছে ‘তাকদীর’। হইচই ওয়েব প্ল্যাটফর্মে গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় সিরিজটি।

প্রোম্যাক্স একটি অ্যাসোসিয়েশন, যারা বিনোদন শিল্পের মার্কেটিং নিয়ে কাজ করে। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে জি-ফাইভ, এএলটি বালাজি, হটস্টার এবং ভুত নামের ওয়েব প্ল্যাটফর্মের কনটেন্ট ছিল। সেসব কনটেন্টকে পিছে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছে ‘তাকদীর’।

পুরস্কারের খবর পেয়ে অভিভূত হইচই বাংলাদেশের প্রধান শাকিব আর খান। তিনি বলেন, “প্রোম্যক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড মর্যাদাপূর্ণ পুরস্কার। এই পুরস্কার পাওয়া আমার কাছে এখনও পরাবাস্তবের মতোই লাগছে। ঢাকার বুক থেকে জন্ম নেয়া একটি গল্প সেরা ভারতীয় বিষয়বস্তুর মধ্যে পুরস্কৃত হওয়া খুবই সম্মানের। এই সাফল্যে হইচই এবং তাকদীরের পুরো দল অভিভূত।”

সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ শাওকী। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু। গুরুত্বপূর্ণ চরিত্রে ইন্তেখাব দিনার।

Link copied!