মা হওয়ার পর ফের শুটিংয়ে ফিরছেন নুসরাত জাহান। অক্টোবরে তিনি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র কাজ শুরু করবেন। এই ছবিতে তিনি জুটি বাঁধবেন সোহম চক্রবর্তীর সঙ্গে।
সুদেষ্ণা বলেন, ‘‘নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কি না বা শারীরিকভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনাসামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি।’’
পরিচালকের আরও দাবি, ঠিক দশভূজার মতোই একসঙ্গে ছেলে, নিজের পেশা, সংসার সব সামলাচ্ছেন।
সোহম-নুসরাত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে পর্দা ভাগ করে নিলেও সম্ভবত প্রথম জুটি বাঁধছেন সুদেষ্ণা-অভিজিতের ছবিতে। রাজনীতির দুনিয়াতেও মিল রয়েছে তাদের। নুসরাত-সোহম যথাক্রমে শাসক দলের সাংসদ ও বিধায়ক।
গত ২৬ আগস্ট মা হয়েছেন নুসরাত জাহান। ছেলের নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত। ঈশানের বাবা কে তা নিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছিলেন নায়িকা। সম্প্রতি জন্মসনদে সামনে এসেছে বাবার নাম। জানা যায়, দেবাশিস দাশগুপ্ত ওরফে যশই হলেন নুসরাতের সন্তানের বাবা। এরপর গণেশ পুজোয় সিঁথিতে সিঁদুর দিয়ে ছবি তুলেছেন তিনি।
এদিকে নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের দাবি দক্ষিণেশ্বরে গোপনে বিয়েও করেছেন যশ ও নুসরাত। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি নায়িকা। উল্টো সম্প্রতি নায়িকা দাবি তুলেছেন, নিখিল উভয়কামী, তাই তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নায়িকার সেই অভিযোগ অবশ্য নস্যাৎ করে দেন নিখিল।
































