অভিনেতা হলেও গায়ক হিসেবে সমানভাবে সমাদৃত ফজলুর রহমান বাবু। এর আগে তিনি চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। প্রকাশ পেয়েছে অ্যালবাম। এবার তিনি গাইলেন ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করছেন বলিউড আলম খোকন।
গানটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, “আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে কবি আমিরুল হাছান ও মুরাদ নূর।”
মুরাদ নূর বলেন, “বাবু ভাই, খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার প্রিয় মানুষ। গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। তাদের কাছ থেকে প্রচুর শেখার সুযোগ পাই। নিজেকে সমৃদ্ধ করা যায়। কবি আমিরুল হাছান চমৎকার কিছু কথা লিখেছেন। গানটি বাবু ভাইয়ের কণ্ঠে পূর্ণতা পেয়েছে বলে মনে করি আমি।”
কবি আমিরুল হাছান বলেন, “খোকন ভাই, বাবু ভাইয়ের সাথে সৃষ্টিশীল কাজ করা ভীষণ গর্বের। বন্ধু মুরাদ নূর অসাধারণ সুর করেছে। আশা করছি সবার ভালো লাগবে।”
পরিচালক বদিউল আলম খোকন বলেন, “যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্লাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ। শীঘ্রই আমরা শুটিংয়ে যাবো।”
তিনি আরও জানান, শ্রোতাদের জন্য টাইটেল গানটির স্টুডিও ভার্সন শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

































