মোবাইল অপারেটর গ্রামীণফোনের কাছে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ এ নোটিশ পাঠান।
মঙ্গলবার (২৭ জুলাই) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ। তিনি জানান, প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবারের ৬ সদস্যের পক্ষে এ নোটিশ প্রেরণ করা হয়েছে। তারা হলেন, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শীলা আহমেদ ও বিপাশা আহমেদ, পুত্র নুহাশ হুমায়ূন এবং ভাই মুহম্মদ জাফর ইকবাল।
নোটিশে বলা হয়েছে, “জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট ও জনপ্রিয় চারটি নাটকের চরিত্র বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব এবং তৈয়ব আলী— কোনো প্রকার অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে গ্রামীণফোন। এতে আইন অনুযায়ী গ্রামীণফোন লেখকের মেধাস্বত্ব লঙ্ঘন করেছে।”
মেধাস্বত্ব আইন লঙ্ঘন করে গ্রামীণফোন যে চারটি চরিত্র অবলম্বনে যেসব প্রমোশনাল ভিডিও প্রচার করছে, তা তিন দিনের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে নোটিশে। সেই সঙ্গে মেধাস্বত্ব আইন লঙ্ঘনের জন্য ৩ কোটি ১৫ লাখ ৯৮ হাজার টাকা ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে হুমায়ূন আহমেদের পরিবারের সদসদের প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

































