চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৪ মার্চ) ‘স্টাডি ইন ইন্ডিয়া: এডুকেশন ফেয়ার’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব।”
পুরোদমে ক্লাস শুরু হলে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “যেখানে যেখানে হয়তো কেউ আসতে পারছে না, তাদের হয়তো কিছুটা দিতে চেষ্টা করব।”
এইচএসসির পুরো সিলেবাসে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ প্রসঙ্গে দীপু মনি বলেন, “আমি ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিএমডিসির প্রধান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষাসংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন, বিষয়টি দেখবেন।”
























