ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক জিয়া রহমান বলেন, “ঢাবির ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য ডিনস সাব কমিটির সভায় নোট অব ডিসেন্ট দিয়েছিলাম, ‘ঘ’ ইউনিট যেন থাকে। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তর্ভুক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলেন, “ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।”
এদিকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সামাদ বলেন, “শুধু এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট থাকছে। এর বেশি কিছু এখন বলা যাবে না। বিকেলে ভর্তি কমিটির সভা আছে। সেখানে আলোচনার পর বলা যাবে।”
























